তিনটা মিথ্যে, একটা সত্য ।

সেদিন শুক্রবার। ভোরের ঘুমজড়ানো চোখে বেরিয়ে পড়লাম ডুয়েট সিএসই কার্নিভালের উদ্দেশ্যে। যাত্রাপথে আইইউপিসির উত্তেজনা আর দুদিন পরের সেমিস্টার পরীক্ষার দুশ্চিন্তা দুটোই মাথায় ঘুরছিল। যদিও শুক্রবার বিকেলেই আইইউপিসির মক কনটেস্ট ছিল, তবুও এত ভোরে বের হওয়ার কারণ ছিল নাছিরকে আইসিটি অলিম্পিয়াডে সঙ্গ দেওয়া।
ডুয়েটে পৌঁছে এক ভাইয়ের কাছ থেকে পেলাম উষ্ণ অভ্যর্থনা। এরপর সেরে ফেললাম সকালের নাস্তা। ক্যান্টিনের পাশের টেবিলে হঠাৎ দেখা হয়ে গেল JUST এর ব্যাচমেট তাসিনের সঙ্গে। প্রায় দেড়ঘণ্টার জমজমাট আড্ডায় তার মেডিকেল সেক্টরের কারেন্ট রিসার্চ ওয়ার্ক এবং ভবিষ্যতে টিচিংয়ের দিকে যাওয়ার ইচ্ছার কথা জানতে পারলাম। আইইউপিসির ব্যস্ততার মাঝেও এমন একটা আড্ডা যেন ভ্রমণটাকে আরও একটু সুন্দর করে দিল।
জুমার নামাজের পর ডুয়েট ক্যান্টিনে অসাধারণ এক দুপুরের খাবার শেষ করতে না করতেই সময় হয়ে গেল মক কনটেস্টের। এর উদ্দেশ্য ছিল সিস্টেম টেস্ট করা এবং এনভায়রনমেন্টের সঙ্গে পরিচিত হওয়া। তবে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে মাঝে মাঝেই এমন কিছু অদ্ভুত প্রবলেমের সঙ্গে দেখা হয়ে যায়, এখানেও তার ব্যতিক্রম হলো না।
ঘণ্টাখানেক কনটেস্ট দেওয়ার পর বেরিয়ে পড়লাম। আর বের হতে না হতেই সেন্ট্রাল ফিল্ডে এক রোমাঞ্চকর আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ উপভোগ করতে লাগলাম। পরে সন্ধ্যায় চায়ের টেবিলে বসল এক গল্পের পশরা। সেখানে ছিল ডুয়েটের ভাইদের প্রত্যাশা, অর্জন আর হতাশার গল্প। সুযোগ হয়েছিল এই ক্যাম্পাসের স্টুডেন্ট লাইফের ভেতরে একটু উঁকি দেওয়ার। রাত গভীর হওয়ায় বাইরে খাওয়া শেষ করে রুমে ফিরে ঘুমিয়ে পড়লাম। সামনে অপেক্ষা করছিল আসল পরীক্ষা।
পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কনটেস্ট বিল্ডিংয়ের দিকে। প্রায় নিঃশব্দ এক রুমে প্রবেশ করলাম। সেখানে ভলেন্টিয়াররা ছোটাছুটি করছিলেন আর আমাদের পাশের টেবিলে ভ্রাতৃপ্রতিম ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের টিম দেখে ভালোই লাগল। প্রায় সব কনটেস্টের মতো কিছুটা দেরিতেই দেশব্যাপী ১৫০ এর বেশি টিম নিয়ে শুরু হয়ে গেল আইইউপিসি।
কনটেস্ট শুরু হওয়ার আগে টেমপ্লেট কোড লিখে আমরা নিজেদের মধ্যে স্ট্র্যাটেজি ঠিক করে নিলাম। আমি শেষের দিক থেকে, তাওহীদ শুরু থেকে আর নাসির মাঝখান থেকে প্রবলেম পড়া শুরু করবে।
খুব অল্প সময়ের মধ্যেই বুঝতে পারলাম J প্রবলেমটা গিভঅ্যাওয়ে প্রবলেম। দ্রুতই সাবমিট দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে সবুজ অ্যাকসেপ্টেড দেখে ভালোই লাগল। এর মধ্যেই তাওহীদ বলল B প্রবলেমটা সহজ আছে। স্ট্যান্ডিংয়ে কনফার্ম হয়ে B শুরু করলাম। ইমপ্লিমেন্ট করতে কিছুটা বেশি সময় লাগলেও শেষ পর্যন্ত অ্যাকসেপ্টেড হলো।
তারপর নাসির আমাকে E প্রবলেমটা দেখতে বলল। সহজ হওয়ার পরেও মিসকমিউনিকেশনের কারণে একটা ভুল সাবমিশন চলে গেল এবং সলিউশনটাও অনেক পেঁচিয়ে ফেললাম । তাই বেশি সময় নষ্ট না করে G প্রবলেমটা শুরু করলাম।
G অনেকটা if-else ল্যাডারের মতো ছিল। প্রবলেমটা করতে বেশ কিছুটা সময় লাগল। এটা সাবমিট দেওয়ার পর আবার E প্রবলেমে ফিরে এলাম। এর মধ্যেই নাছির E এর ভুলটা বের করে ফেলল এবং সেটাও সাবমিট দিয়ে দিলাম।
চারটা প্রবলেম শেষ করার পর তাওহীদ বলল D প্রবলেমটাও করা যাবে। এর আগে কখনো অনসাইট কনটেস্টে গ্রাফের প্রবলেম সলভ না করায় সাহসটা একটু কম পাচ্ছিলাম। তারপরও কোনোভাবে একটা কোড লিখে ফেললাম। কিন্তু সেই কোড কাজ করল না।
আবারও কোডের দিকে মন দিলাম। কিছুক্ষণ খোঁজার পর একটা বাগ খুঁজে পেলাম। বাগটা ঠিক করে আবার সাবমিট দিলাম। কিন্তু স্ক্রিনে আবারও ভেসে উঠল রং অ্যনসার।
এভাবে একে একে তিনটা ভুল সাবমিশন দেওয়ার পর চতুর্থবার যখন অ্যাকসেপ্টেড দেখলাম, তখন মনটা সত্যিই ভালো হয়ে গেল। হয়তো প্রবলেমটা খুব কঠিন ছিল না, কিন্তু তিনবার ভুল করার পর শেষ পর্যন্ত অ্যাকসেপ্টেড পাওয়ার আনন্দটা অন্যরকম।
এরপর I প্রবলেমটা পড়েছিলাম। কিন্তু তখন হাতে খুব কম সময়। তাই চাইলেও কোড লেখা হয়ে উঠেনি। কনটেস্ট শেষ হওয়ার পর রুমে ফিরে অবশ্য প্রবলেমটা নিয়ে আফসোস হয়েছিল।
এভাবেই মোটামুটি পাঁচটা ঘণ্টা চলে গেল। এর মাঝে কোনো এক সময় একটা স্যান্ডউইচ আর জুস খাওয়া হয়েছিল। পাঁচ ঘণ্টা ধরে প্রবলেম স্টেটমেন্ট, কোড, সাবমিশন আর স্কোরবোর্ডের মাঝেই কেটে গেল সময়।
প্রবলেম করতে না পারার আফসোস, প্রতিটি প্রবলেমে একটু বেশি সময় লাগা আর কয়েকটি ভুল সাবমিশনের দুঃখ ছিল। কিন্তু সবকিছুর পরেও পাঁচটা প্রবলেম করতে পারার আনন্দ নিয়ে কনটেস্ট রুম থেকে বের হলাম।
আর এতসব কিছুর মাঝে সবচেয়ে ভালো লেগেছিল ডুয়েটের আতিথেয়তা এবং ভলেন্টিয়ারদের অমায়িক আচরণ। নতুন একটা ক্যাম্পাসে গিয়ে শুধু কনটেস্ট করেই ফিরে আসিনি, সঙ্গে নিয়ে এসেছি কিছু নতুন মানুষের সঙ্গে পরিচয়ের গল্প, কিছু নতুন অভিজ্ঞতা আর একটা নতুন প্রবলেম সেটের স্মৃতি।
পরিশেষে, একটা আইইউপিসিতে অংশগ্রহণ মানেই শুধু পাঁচ ঘণ্টা ধরে প্রবলেম সলভ করা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে নতুন কোনো ক্যাম্পাসে ভ্রমণ, নতুন কিছু মানুষের সঙ্গে পরিচয়, নতুন একটা এনভায়রনমেন্টের সঙ্গে মানিয়ে নেওয়া এবং নতুন একটা প্রবলেম সেটের মুখোমুখি হওয়া। কিন্তু দিন শেষে এসব মিলিয়েই তৈরি হয় একটা আইইউপিসির গল্প।
আর হয়তো এটাই কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের সবচেয়ে সুন্দর দিক। এখানে শুধু প্রবলেম সলভ করার আনন্দই নেই, আছে ভুল করে আবার চেষ্টা করার আনন্দও। আছে নতুন জায়গায় যাওয়ার আনন্দ, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার আনন্দ এবং প্রতিটি কনটেস্ট শেষে নিজের জন্য নতুন কিছু শেখার সুযোগ।
একটা আইইউপিসি শেষ হয় পাঁচ ঘণ্টায়, কিন্তু তার গল্পটা থেকে যায় অনেকদিন।
Did you find this post helpful?
Show your appreciation to Md Shazid Al Hasan by giving it a like!

MEC Computer Club | CSE - 5th